নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।


এর আগে, সকাল ১১টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বেলা ১২টা ১৫ মিনিটে তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন এবং উভয় নেতার মাজার জিয়ারত করবেন।


এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে একটি গেজেট প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে। ফলে প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নিয়োগ সংক্রান্ত পৃথক গেজেটও প্রকাশ করা হয়েছে, যা রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেছেন।


প্রসঙ্গত, মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন ত্রয়োদশ সংসদের নির্বাচিত বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান করছে